মোঃ মোশারফ হোসেন 
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি বেসরকারি মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং রোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্য নেওয়া হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়।
​অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস প্রসিকিউশন দাখিল করেন।
​অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্য তালিকা প্রদর্শন না করায় বসুন্ধরা মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুন্নী ইসলাম।
​অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ম-কানুন মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
​উপজেলা প্রশাসন আরও জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।